কেউ পাস না করায় খুলনা বিভাগের ১১ স্কুল পাচ্ছে শোকজ

যশোর শিক্ষা বোর্ডের এসএসসির ফল জানাচ্ছেন সচিব প্রফেসর ড. মো. আব্দুল মতিন। ছবি: আগামীর সময়
খুলনা বিভাগে এবার আড়াই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এসএসসি পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ৩৬টিতে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। আর ১১টি প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন বোর্ডের সচিব (প্রেষণে) প্রফেসর ড. মো. আব্দুল মতিন। ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান ও সার্বিক চিত্র তুলে ধরে তিনি বলেছেন, যশোর বোর্ডে এবার এসএসসিতে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ। এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন।
সারা দেশের মতো এই বোর্ডেও পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা।
খুলনায় ১১ প্রতিষ্ঠানে শূন্য পাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে শিক্ষা বোর্ড। সংবাদ সম্মেলনে প্রফেসর মতিন বললেন, ‘শূন্য পাস করা ১১টি প্রতিষ্ঠানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একাডেমিক দুর্বলতা কিংবা শিক্ষকদের গাফিলতির প্রমাণ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্বীকৃতি বাতিলের বিষয়টিও বিবেচনা করা হবে।’
যশোর বোর্ডে এবার বিজ্ঞান বিভাগে ৮১ দশমিক ২৩ শতাংশ পাস করলেও মানবিক বিভাগে পাসের হার ৪৮ দশমিক ৮২ শতাংশ। বিষয়টি উদ্বেগের বলে মনে করছেন প্রফেসর। ‘ফলাফলের এই বৈষম্য কমিয়ে শিক্ষার গুণগত মান বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে’- বললেন তিনি।




