পেকুয়ায় নলকূপের পানি নিয়ে দ্বন্দ্ব, বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইউসুফ আলী ওরফে মুন্সী মিয়া
কক্সবাজারের পেকুয়ায় নলকূপ থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে ইউসুফ আলী ওরফে মুন্সী মিয়া (৭০) নামে এক বৃদ্ধকে দুই দফা পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
গতকাল রবিবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।
এর আগে গতকাল রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের আলিম্যারঝিরি গ্রামে এ ঘটনা ঘটে। ইউসুফ আলী গ্রামের কাদের বখশের ছেলে।
নিহত ইউসুফের স্ত্রী ছেনুআরা বেগম দাবি করেন, বাড়ির পাশের নলকূপ থেকে পানি আনতে যান তার পুত্রবধূ কলি আক্তার। পানি নেওয়ার সময় প্রতিবেশী নুরুল কাদেরের মেয়ে ফাহিমের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির পর কলিকে চুলের মুঠি ধরে মারধর করে। চিৎকার শুনে আমার মেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝগড়া থামাতে চেষ্টা করলে তাকেও মারধর করা হয়। বিষয়টি জানতে পেরে ইউসুফ আলী ঘটনাস্থলে গেলে নুরুল , তার ছেলে আকাশসহ কয়েকজন মিলে ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন।
ছেনোয়ারা বেগমের দাবি, স্থানীয়রা প্রথম দফার ঘটনা মীমাংসার উদ্যোগ নিলে তার স্বামী তাতে রাজি হন। পরে চিকিৎসার জন্য খুনিয়াভিটা স্টেশনের দিকে যাওয়ার সময় মোস্তাকের বাড়ির সামনে কাদের গং আবারও তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মাটিতে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইউসুফ আলীকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।
পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান বলেছেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেবে। এ ব্যাপারে তদন্ত করে দোষীদের আটক করতে মাঠে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’






