ঈশ্বরদী
ইলিশ খুঁজতে গিয়ে জেলিযুক্ত চিংড়ি জব্দ, জরিমানা

ছবি: আগামীর সময়
পাবনার ঈশ্বরদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ ও এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
আজ শনিবার সকালে ঈশ্বরদী পৌর বাজার এলাকায় এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার।
আসাদুজ্জামান সরকার জানান, ইলিশ মৌসুমে সরকারের নির্দেশনা অনুযায়ী, ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা ও বিক্রি নিষিদ্ধ। এ নির্দেশনা বাস্তবায়নে কেউ ইলিশ মাছ বিক্রি করছেন কি না, তা দেখতে ঈশ্বরদী পৌর বাজার এলাকায় অভিযান চালানো হয়।
তিনি বলেন, বাজারে ইলিশ মাছ পাওয়া না গেলেও আব্দুল আজিজ নামে এক মাছ বিক্রেতার কাছে থাকা চিংড়ি মাছ দেখে সন্দেহ হলে তা পরীক্ষা করা হয়। পরীক্ষায় বড় আকারের ৩০ কেজি ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি মাছ জব্দ করা হয়।
ক্ষতিকর জেলিযুক্ত চিংড়ি বিক্রির অপরাধে মাছ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি জব্দ করা চিংড়ি মাছ মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।




