জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন শাশুড়ি-পুত্রবধূ, বাসচাপায় নিহত
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

বাসটি জব্দ করা হয়েছে। ছবি: আগামীর সময়
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন একই গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার পুত্রবধূ ফরিদা বেগম (৪০)।
স্থানীয়দের বরাতে বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শান্তুি পরিবহনের একটি বাস রৌমারী যাচ্ছিল।
নিলক্ষিয়া ঠাকুর পাড়া গ্রামে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা ও ফরিদাকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে ও বাসচালকের সহকারী মো. মহিউদ্দিনকে আটক করা হয়েছে।
ওসি মকবুল জানিয়েছেন, দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।




