ধানক্ষেতে পড়ে ছিল স্কুলছাত্রের নিথর দেহ

সংগৃহীত ছবি
রাজশাহীর পবা উপজেলায় ধানক্ষেত থেকে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বিল ধরমপুর এলাকার ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আদিব আহনাফ বিল ধরমপুর এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং বিল ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, রবিবার রাতে দাদা শামসুল হুদার সঙ্গে ধরমপুর জামে মসজিদে তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় আদিব। তার দাদার নামাজ আদায়ের কোনো একসময় নিখোঁজ হয় আদিব। পরে পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে সোমবার ভোরে স্থানীয়রা ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের মামা মো. মোকছেদ আলী বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যা। আমার ভাগ্নেকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

