পারিবারিক বিরোধে ফুফাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

বাগেরহাটে পারিবারিক বিরোধের জেরে ফুফাতো ভাই আম্মার শেখকে (১৯) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে আলী আব্দুল্লাহর (২৩) বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাতে পৌরসভার বাসাবাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আম্মার বাসাবাটি এলাকার তাসলিম মাহমুদের ছেলে। ছিলেন বাগেরহাট শহরের খানজাহান আলী কলেজের বিজনেস ম্যানেজমেন্ট শাখার একাদশ শ্রেণির ছাত্র। অভিযুক্ত আব্দুল্লাহ পৌরসভার সাহাপাড়া এলাকার তারেক হাওলাদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রাত ১০টার দিকে আব্দুল্লাহ ফুফুর বাড়ি বাসাবাটি বেড়াতে আসেন। রাতের খাবার শেষে আম্মার ও আব্দুল্লাহ বাড়ির দোতলার একটি কক্ষে ঘুমাতে যান। এ সময় আম্মারের মায়ের কাছ থেকে আব্দুল্লাহর টাকা নেওয়া ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। রাত ১টার দিকে আব্দুল্লাহ ধারালো ছুরি দিয়ে তার ফুফাতো ভাই আম্মারের ঘাড়, বুক ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন। চিৎকার শুনে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন এসে তাকে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আম্মারকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানালেন, ঘটনার পর নিহতের পরিবারের সদস্যরা আব্দুল্লাহকে ছুরিসহ আটকে রেখেছেন।
সদর থানার ওসি সামসুল আরেফিন জানান, গভীর রাতে ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। রক্তমাখা ছুরিসহ ঘাতক আব্দুল্লাহকে আটক করা হয়। আম্মারের মরদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে জেলা হাসপাতালের মর্গে। হত্যার কারণ তদন্তে শুরু হয়েছে কাজ।




