পেকুয়া
ড্যানিশ বোটে উঠছিলেন যুবক, পা পিছলে সাগরে পড়ে নিখোঁজ

মোহাম্মদ শামিম
কক্সবাজারের পেকুয়ার মগনামা চ্যানেলে লঞ্চঘাটে ড্যানিশ বোটে ওঠার সময় বঙ্গোপসাগরে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। আজ শনিবার বিকেলে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ যুবকের নাম মোহাম্মদ শামিম (৩২)। তিনি ভোলার বাসিন্দা ও চট্টগ্রামের একটি শিপিং কোম্পানিতে চাকরি করেন।
নিখোঁজ শামিমের স্ত্রী করিনা বেগম জানিয়েছেন, এক বছর আগে তাদের বিয়ে হয়। তিনি চট্টগ্রাম শহরে একটি গার্মেন্টসে চাকরি করেন। অসুস্থতার কারণে স্বামীকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি কুতুবদিয়ায় যাচ্ছিলেন তিনি।
তিনি বললেন, মগনামা ঘাটে পৌঁছে ড্যানিশ বোটে ওঠার সময় তার সামনেই শামিম পা পিছলে সাগরে পড়ে যান। তার স্বামী সাঁতার না জানার কারণে মুহূর্তেই সাগরের স্রোতে তলিয়ে যায়। অনেক খোঁজ করার পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
লঞ্চঘাটের ইজারাদার নুরুল ইসলাম জানালেন, বিষয়টি পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়ে তার কোনো খোঁজ পায়নি।
পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শফিকুল আলম জানালেন, ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে ডুবুরি ইউনিট না থাকায় পানি নামা সম্ভব হয়নি।
পেকুয়া থানার ওসি মেহেদী হাসান বলেছেন, কুতুবদিয়ায় চলাচলকারী ড্যানিশ বোটে ওঠার সময় এক যুবক সাগরে পড়ে নিখোঁজ হন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।






