স্বাস্থ্যমন্ত্রী
বিএনপির এক ছাতার নিচে সব ধর্মাবলম্বী মানুষের বসবাস

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এবারের শারদীয় দুর্গাপূজা বিএনপি সরকারের আমলে প্রথম পূজা। সরকার পূজার সার্বিক বিষয়ে বিশেষ নজর রাখছে। আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছি।
তিনি উল্লেখ করেন, বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। বিএনপির এক ছাতার নিচে সব ধর্মাবলম্বী মানুষের বসবাস। প্রধানমন্ত্রী তারেক রহমানও সম্পূর্ণ অসাম্প্রদায়িক চিন্তা ও চেতনার মানুষ। তার নেতৃত্বে সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার।
আজ শনিবার সকালে নরসিংদীর মনোহরদী উপজেলার চালাকচর ইউনিয়নের তামাককান্দা গ্রামে নিজের বাসভবনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়ে পূজায় সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি অসহায় মানুষের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। আমরা সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিলাম, আছি এবং থাকব। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বিএনপির নেতারাও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সুন্দরভাবে পূজা উদযাপনে সহযোগিতা করছেন।
বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলন।
এতে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ কাদের জলিল, মনোহরদী পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজিব রায় ও সাধারণ সম্পাদক সুকোমল মোধকসহ অনেকে।
পরে স্বাস্থ্যমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাব উপজেলার ৮০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন।




