কুষ্টিয়ার খোকসায় বসতবাড়িতে হামলা, ২ জনকে কুপিয়ে হত্যা

গ্রাফিকস: আগামীর সময়
কুষ্টিয়ার খোকসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তারা হলেন-ফারুক হোসেন (৪৫) ও আব্দুল শেখ (৩০)।
গতকাল শুক্রবার রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় ঘটে এই ঘটনা।
নিহত ফারুক দেবীনগর এলাকার মৃত চাঁদ আলীর ছেলে এবং নিহত আব্দুল শেখ আতিয়ার শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার বিরোধ চলছিল। রাতে সামিরুল দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। টের পেয়ে পালিয়ে যান ছালিম। তবে ওই সময় ছালিমের বাড়িতে অবস্থান করা ফারুক, আব্দুল শেখ ও মুল্লুক মন্ডলকে (৩৫) এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক ও আব্দুল শেখের মৃত্যু হয়। আহত মুল্লুক মন্ডল পালিয়ে যান। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহত দুই জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার বিকালে দুই গ্রুপের মধ্যে গোলমাল হয়। এর জের ধরে রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।




