এক মণ দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ, যোগ দিলেন আর্জেন্টিনায়

দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ত্যাগ করে আর্জেন্টিনায় যোগ দিলেন যুবক
সারাদেশের মতো বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে পড়েছে রংপুরেও। ফুটবলপ্রেমীদের আলোচনায় এখন শুধুই বিশ্বকাপ। এরই মধ্যে ঘটেছে ফুটবল সমর্থকদের মধ্যে ব্যতিক্রমী এক ঘটনা। এক মণ দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে আর্জেন্টিনা ফ্যানস ক্লাবে যোগ দিয়েছেন আবু হুজাইফা নামে এক তরুণ।
আজ শনিবার বিকেলে রংপুর টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আর্জেন্টিনার প্রতি সমর্থন জানান। হুজাইফা রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট এলাকার বাসিন্দা এবং একটি বেসরকারি নার্সিং কলেজের শিক্ষার্থী।
হুজাইফা বললেন, ‘জীবনে ব্রাজিলকে বড় কোনো শিরোপা জিততে দেখিনি। তবে আর্জেন্টিনাকে সাফল্য রয়েছে অনেক। তাই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমার পরিবারের প্রায় সবাই আর্জেন্টিনা সমর্থক।’
দুধ দিয়ে গোসলের কারণ সম্পর্কে মজার ছলে তিনি বলেছেন, ‘ব্রাজিলের গায়ে গন্ধ, তাই দুধ দিয়ে গোসল করে সেই গন্ধ দূর করছি।’ পরে তাকে আর্জেন্টিনা ফ্যানস ক্লাব রংপুরের সমর্থকরা ফুলের মালা পরিয়ে দিয়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীতে স্বাগত জানান।
এ সময় আর্জেন্টিনা ফ্যানস ক্লাবের আসাদুজ্জামান আফজাল, ইসমাইল হোসেন প্রিন্স, জে জে হৃদয়সহ অনেক সমর্থক উপস্থিত ছিলেন।



