চাঁদপুরে ডেঙ্গু উপসর্গে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যে তরুণের মৃত্যু

মৃত মো. সিয়াম (২০)। সংগৃহীত ছবি
চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে মো. সিয়াম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।
সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।
স্বজনরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তিনি হাসপাতালে না গিয়ে বাড়িতেই ছিলেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তার বাবা তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মো. মোবারক হোসেন মামুন জানিয়েছেন, সিয়ামকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গুর উপসর্গ পাওয়া যায়। তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। অবস্থার দ্রুত অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এজন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়। তবে ঢাকায় নেওয়ার আগেই রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
চাঁদপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর বান্দরবানের দুর্গম এলাকা থেকে স্কুলছাত্র উদ্ধার
২৩ সেপ্টেম্বর ২০২৬
তিনি বললেন, ‘কারও জ্বর হলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।’
সিয়ামের চাচা হাবিবুর রহমান জানান, সিয়াম অসুস্থ থাকলেও বিষয়টি কাউকে জানায়নি। বাড়িতে বিছানায় পড়ে ছিল এক সপ্তাহ। হাসপাতালে গিয়ে তার নিথর দেহ দেখে বিষয়টি মেনে নিতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি।
মতলব উত্তর স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামীম খান জানান, সিয়াম গ্রামের একজন ভালো ফুটবলার ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকার ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সিয়ামের বাবা সোবাহান বললেন, ‘আমার পোলাডার গত এক সপ্তাহ ধইরা জ্বর। আমি ওরে কইছি ডাক্তারের কাছে যাইয়া চিকিৎসা নে। কিন্তু অয় আমার কথা হুনে নাই। আইজকা অবস্থা বেশি খারাপ হইয়া গেলে হাসপাতালে লইয়া আইছি। হাসপাতালে আওনের পর ওর নাকে-মুখে দিয়া রক্ত বার হইছে। ডাক্তার চিকিৎসা করছে। পরে ঢাকা হাসপাতালে নেওনের জন্য অ্যাম্বুলেন্স রেডি করছিলাম। কিন্তু যাওনের আগেই আমার পোলাডা আমাগো ছাইড়া চইলা গেছে।’




