রায়পুরায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দোকানদার গ্রেপ্তার

গ্রাফিকস: আগামীর সময়
নরসিংদীর রায়পুরায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুর রহিম (৫০) নামের এক দোকানদারকে গ্রেপ্তার করেছে রায়পুরা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের বাটখলা উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহিম একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি বাটখলা মহিলা মাদ্রাসার মূল গেটের পাশে মনোহরী দোকান পরিচালনা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জোহরের নামাজের পরপরই ওই শিশুটি মাদ্রাসার পাশের একটি বাড়ি থেকে ফুল নিয়ে নিজের বাড়িতে ফিরছিল। এ সময় আশপাশের এলাকা ফাঁকা থাকায় দোকানদার আব্দুর রহিম শিশুটিকে কৌশলে দোকানের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে অভিযুক্ত দোকানদারকে আটক করেন।
খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আব্দুর রহিমকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রায়পুরা থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে রায়পুরা থানার এসআই সফিু্ল্লাহ সিকদার জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। এ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।






