কাউখালীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সংগৃহীত ছবি
পিরোজপুরের কাউখালীতে ১০০ পিস ইয়াবাসহ মেহেদী হাসান শাওন (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার শিয়ালকাঠী চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাওন কাউখালী সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আইরনজাপুর্সী গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে। তিনি উপজেলা শহরের উজিয়ালখান এলাকায় ব্র্যাক কার্যালয়ের পাশে তেল ও কনফেকশনারির দোকান চালান।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক পলাশ বিশ্বাসের নেতৃত্বে একটি দল শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় শাওনকে সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রাতেই তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের যৌথ ও আকস্মিক অভিযান অব্যাহত থাকবে।’




