নওগাঁয় চালকলে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪

হাজী ইশারত আলী চালকল। ছবি: আগামীর সময়
নওগাঁয় একটি চালকলে বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক চাতাল শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন চারজন।। আজ বুধবার সকাল ৭টার দিকে সদর উপজেলার হাঁপানিয়া লক্ষণপুর এলাকার হাজী ইশারত আলী চালকলে এ ঘটনা ঘটে।
নিহত খালেক হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে চালকলে কাজ করছিলেন ১২ জন চাতাল শ্রমিক। এ সময় বয়লারে ধান সেদ্ধ করার কাজ চলছিল। সকাল ৭টার দিকে হঠাৎ বিকট শব্দে বয়লারটি বিস্ফোরিত হয়। এতে বয়লারের ড্রাম, বিভিন্ন যন্ত্রাংশ ও ইট ছড়িয়েছিটিয়ে পড়ে। বয়লারের ওপর থাকা পাঁচজন শ্রমিক ছিটকে পড়ে আহত হন। বিস্ফোরণের পর পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আতঙ্কিত হয়ে শ্রমিকরা দিগ্বিদিক ছুটতে থাকেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে খালেকের মৃত্যু হয়। আহত শ্রমিকদের নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর চাতাল মালিক সেখান থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন তারা।
নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ ব্যানার্জী জানিয়েছেন, বয়লার বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।




