ইউএনও’র কাছে চা শ্রমিকদের অভিযোগ
৭৮০০ টাকার ভাতা, মিলেছে ৩ হাজার

প্রতীকী ছবি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারি বরাদ্দের ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার মাজদিহি চা-বাগানের ৩০ শ্রমিকের অভিযোগ, তাদের প্রত্যেকের ৭ হাজার ৮০০ টাকা করে পাওয়ার কথা থাকলেও গত ২০ আগস্ট ব্যাংক এশিয়ার মাধ্যমে কাউকে ৩ হাজার, আবার কাউকে ৩ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত করে বাকি টাকা পরিশোধের দাবি জানিয়ে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তারা।
অভিযোগপত্রে শ্রমিকেরা বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার যে ভাতা দেয়, তা ব্যাংক এশিয়ার শ্রীমঙ্গল শাখার মাধ্যমে বিতরণ করা হয়। গত ২০ আগস্ট ব্যাংকের প্রতিনিধিরা মাজদিহি চা-বাগানে গিয়ে ভাতা বিতরণ করেন। এ সময় নির্ধারিত অঙ্কের চেয়ে কম টাকা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা।
শ্রমিকদের আরও অভিযোগ, কাগজপত্র প্রক্রিয়াকরণের কথা বলে তাদের জাতীয় পরিচয়পত্রের ফটোকপিতে টিপসই ও স্বাক্ষর নেওয়া হয়। তবে সেখানে ভাতার পুরো অঙ্ক উল্লেখ করা হয়নি। টাকা কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে ব্যাংকের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের কেউ কেউ তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ করেন শ্রমিকেরা।
লিখিত অভিযোগে ব্যাংক এশিয়ার শ্রীমঙ্গল শাখার সঙ্গে সংশ্লিষ্ট রাজু রায়, রাম কুমারী নুনিয়া ও সবিতা বাউরীর নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
মাজদিহি চা-বাগানের শ্রমিক সন্তুকি রায় বলেন, ‘সরকার আমাদের জন্য টাকা দিয়েছেন। কেন তারা সেই টাকা আত্মসাৎ করে খাবেন? চা শ্রমিকদের মতো অসহায় জনগোষ্ঠীর ভাতা বিতরণে এ ধরনের অনিয়ম আমাদের ক্ষতির মুখে ফেলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বকেয়া টাকা দ্রুত পরিশোধের দাবি জানাচ্ছি। সরকারের কাছে তাদের উপযুক্ত শাস্তি চাই।’
মাজদিহি চা-বাগানের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি সাধন কর্মকার বলেন, ‘চা শ্রমিকদের অ্যাকাউন্টে সরকারী বরাদ্দকৃত টাকা থাকা সত্ত্বেও এজেন্টের লোকজন ভাতা কম দিচ্ছেন। সরকার যে ভাতা দেয়, সেটি শ্রমিকদের প্রাপ্য। প্রায় দুই হাজার ভাতাভোগীর টাকা কেন কম দেওয়া হবে, তা আমরা জানতে চাই। এ ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার।’
তিনি আরও বলেন, ‘টাকা পাওয়ার কথা প্রায় ৭ হাজার ৮০০ টাকা, অথচ তারা পাচ্ছেন ৩ হাজার টাকা। পঞ্চায়েতের অ্যাডহক কমিটির লোকজন থাকা সত্ত্বেও কীভাবে টাকা আত্মসাৎ করা হচ্ছে, তা তদন্ত করে জড়িতদের শাস্তি দাবি করছি।’
অভিযোগের বিষয়ে ব্যাংক এশিয়ার মাঠপর্যায়ের কর্মকর্তাদের বক্তব্য জানতে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি। তবে ব্যাংক এশিয়ার জেলা কার্যালয়ের ব্যবস্থাপক তুহিন আহমদ ইয়ামির বলেন, তিনি বিষয়টি মৌখিকভাবে শুনেছেন, তবে লিখিত অভিযোগ পাননি। তার ভাষ্য, ভাতাভোগীদের যে সংখ্যা বলা হচ্ছে, তাদের তথ্য অনুযায়ী সংখ্যা তত নয়। অনেকের টাকা বিকাশ বা রকেটের মাধ্যমেও দেওয়া হয়। বিষয়টি নিয়ে সরাসরি তার কার্যালয়ে কথা বলার অনুরোধ করেন তিনি।
শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব হোসেন চৌধুরী জানান, বিষয়টি শুনেছেন তারা। শ্রমিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, ‘চা শ্রমিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি জানতে আগামীকাল মাজদিহি চা-বাগানে সরেজমিনে যাব। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’




