পাবনায় আ. লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন

ফাইল ছবি
দীর্ঘ ১৮ মাস পর পাবনায় বাংলাদেশ আওয়ামী লীগের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের কেন্দ্রীয় সড়ক আব্দুল হামিদ সড়কে অবস্থিত কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমাম, উপজেলা আওয়ামী লীগের নেতা মাহবুব আলম খান, পৌর আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান কিরণ, আনোয়ার হোসেন খান, আশরাফ পিন্টু, সেলিম মালিথা, মুজিবুর রহমান সেলিম, আব্দুল হাফিজ, রানা চৌধুরী, সাবেক ছাত্রনেতা পলাশ, শেখ রাজু, ফিরোজ এবং ছাত্রনেতা তৌশিকুর রহমান রাভাসহ অন্যান্য নেতাকর্মীরা একটি লাঠির সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এ সময় তারা ‘জয় বাংলা’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে হাসবে’ স্লোগান দেন। তবে কার্যালয়ের মূল ফটক তালাবদ্ধ অবস্থায় ছিল।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ একই কার্যালয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পতাকা উত্তোলন করে একই ধরনের স্লোগান দিচ্ছেন।
এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে বলে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। বিষয়টি আমরা নজরদারিতে রেখেছি। শৃঙ্খলাবিরোধী কোনো কার্যক্রম পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলায় গ্রেপ্তারের আশঙ্কায় পাবনার দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। ওই সময় এবং পরবর্তী কয়েক দফায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা কার্যালয়টিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
এরপর থেকে জেলা আওয়ামী লীগ কার্যালয়টি তালাবদ্ধ রয়েছে এবং সেখানে প্রকাশ্যে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে না।

