চর নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, গলায় টেঁটা বিদ্ধ হয়ে নারী নিহত

গ্রাফিকস: আগামীর সময়
কুমিল্লার মেঘনা ও তিতাসের দুই গ্রামের চর দখলকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে অন্তত ২৮ জন। নিহত কোহিনূর আক্তার (৩৮) মেঘনার গোবিন্দপুর ইউনিয়নের চরবিনোদপুর গ্রামের কাবিল মিয়ার স্ত্রী। আজ রবিবার বিকালে চরবিনোদপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, কাঁঠালিয়া নদীর দক্ষিণপাড় এবং নতুন ভাটেরারচর গ্রামের পশ্চিম-দক্ষিণ পাশে জেগে ওঠা একটি চর দখলে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মেঘনার চরবিনোদপুর এবং তিতাসের নতুন ভাটেরারচর গ্রামের মধ্যে বিরোধ চলছিল। এর আগে একাধিকবার টেঁটাযুদ্ধ, লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এরই ধারাবাহিকতায় রবিবার বিকালে মেঘনার চরবিনোদপুর ও আলীপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নৌকায় করে তিতাসের নতুন ভাটেরারচর গ্রামে ভাঙচুর চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে গেলে কোহিনুর আক্তারের গলায় টেঁটা বিদ্ধ হয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আহতদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান বলেছেন, ‘সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত মেঘনার মোট ২৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ১৮ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরে গেছেন। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।’
মেঘনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বললেন, ‘খবর পেয়ে মেঘনা ও তিতাস দুই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’





