সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন

আব্দুল হাই। সংগৃহীত ছবি
মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই (৭৭) মারা গেছেন।
গতকাল বুধবার রাতে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল হাই। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী, জাতীয় সংসদের প্যানেল স্পিকার, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন মুন্সীগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ নেতার মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করছেন।
১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্ম নেন আব্দুল হাই। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তার যাত্রা শুরু হয়। ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দিয়ে ১৯৭৯ সালে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন।
আব্দুল হাই এর স্বজনরা জানিয়েছেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকাল ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। মুন্সিগঞ্জ বিএনপির কার্যালয়ের সামনে বাদ মাগরিব দ্বিতীয় ও মিরেশ্বর আলিয়া মাদ্রাসার ঈদগাহ মাঠে বাদ এশা অনুষ্ঠিত হবে তার তৃতীয় জানাজা।




