বিএনপি নেতা সালাহউদ্দিনের দাফন সম্পন্ন

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার তিন দফা জানাজা শেষে বিকালে রাজধানীর জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন। প্রধানমন্ত্রী মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এর আগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন মরহুমের কফিনে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপসহ অন্য হুইপ এবং মন্ত্রী ও সংসদ সদস্যরা মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। জানাজার পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেন। বেলা ৩টায় শ্যামপুরে লাল মসজিদে সালাহউদ্দিনের তৃতীয় ও সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয়।
সালাহউদ্দিন গত মঙ্গলবার রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল
৮০ বছর।



