জয়পুরহাটে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক চার

জয়পুরহাটের আক্কেলপুর থেকে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ও পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। সংগৃহীত ছবি
জয়পুরহাটের আক্কেলপুর থেকে একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বিজিবি ও এসআরবি। আটক করা হয়েছে চারজনকে। তারা পাচার চক্রের সদস্য বলে দাবি বিজিবির।
আটক ব্যক্তিরা হলেন, সোনামুখীর জালালপুর গ্রামের মুকুল চন্দ্র মণ্ডল (৩৮), বিহারপুর গ্রামের কামাল হোসেন (৬০), আক্কেলপুর সদরের হামিদুর রহমান (৬২) ও শ্রীরামপুরের অনন্তপুর গ্রামের জাকির হোসেন (৫০)।
আজ মঙ্গলবার সকালে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. লতিফুল বারীর সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জয়পুরহাটে বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে গৃহবধূ হত্যা, দুই যুবকের যাবজ্জীবন
২১ সেপ্টেম্বর ২০২৬
বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিহারপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। এ সময় কষ্টিপাথরের মূর্তিসহ মুকুল ও কামালকে হাতেনাতে আটক করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হামিদুর ও জাকিরকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। মূর্তিটি ভারত পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলেও বিজিবিকে জানান তারা।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কষ্টিপাথরের মূর্তিটির ওজন ৭২ কেজি ৯০০ গ্রাম। যার বর্তমান আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ৯০ হাজার টাকা।
জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) অধিনায়ক লতিফুল জানিয়েছেন, মূর্তি ও আটক ব্যক্তিদের আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।




