তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

সংগৃহীত ছবি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলায় সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনতলা রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
রাতে এ তথ্য নিশ্চিত করে মনতলা রেলওয়ে স্টেশনের ম্যানেজার আতাউর রহমান খাদেম জানান, মনতলা স্টেশন পার হওয়ার পর ৫টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এখনো উদ্ধারকারী ট্রেন আসেনি, তাই উদ্ধার কাজ শুরু হয়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পরেই বিকট শব্দে একাধিক বগি রেললাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। কিছু বগি পাশের জমিতে পড়ে থাকতে দেখা যায়।
নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া বলছেন, সিলেটগামী তেলবাহী ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে পড়ে এবং এরপর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার পর স্থানীয়দের তেল নেওয়ার হিড়িক পড়ে। তারা তেল সংগ্রহ করতে ঘটনাস্থলে ভিড় জমায়।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং রেল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

