ছুটি ছাড়াই আমেরিকায় থাকা চিকিৎসক বরখাস্ত
- হবিগঞ্জ সদর হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে হঠাৎ পরিদর্শনে গিয়ে অনুপস্থিত চিকিৎসককে চাকরিচ্যুত এবং ফার্মাসিস্টকে বদলির নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে হাসপাতালের অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। গতকাল শনিবার দুপুরে হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানতে পারেন, মেডিকেল অফিসার মেহেদী হাসান ছুটি না নিয়ে পাঁচ বছরের বেশি সময় ধরে আমেরিকায় অবস্থান করছেন। অন্যদিকে, ফার্মাসিস্ট রিগ্যান আহমেদ কর্মস্থলে অনুপস্থিত থেকে ঔষধাগারে অস্থায়ী এক কর্মচারীকে দায়িত্বে রাখা হয়েছে।
মন্ত্রী বলেছেন, ‘চিকিৎসক মেহেদী আগে থেকেই বরখাস্ত। তাকে টার্মিনেট ও ফার্মাসিস্টকে বিশ্বম্ভরপুরে বদলির নির্দেশ দিয়েছি।’
এ সময় হাম আক্রান্ত হয়ে শিশুমৃত্যু নিয়ে স্বাস্থ্যমন্ত্রী
বলেছেন, ‘টিকাদানের লক্ষ্যমাত্রা সরকার অর্জন করলেও পাঁচ মাসের কম বয়সী শিশুরা সাধারণত
টিকা পায় না। হাম আক্রান্ত ও মৃত শিশুদের বেশিরভাগই পাঁচ মাসের কম বয়সী হওয়ায় তাদের
আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।’
হাসপাতাল পরিদর্শন শেষে মন্ত্রী বলেছেন, ‘দীর্ঘদিনের অবহেলায় হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত। অপ্রতুল চিকিৎসক, শয্যা সংকট, অব্যবস্থাপনা এবং সর্বত্র অপরিচ্ছন্নতা রয়েছে। এসব সমস্যা নিরসনে মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। শিগগির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
হাসপাতালে পাঁচ বছর ধরে পড়ে থাকা জেনারেটরটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
এ ছাড়া দেশের ইউনিয়ন পর্যায়ে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার চালু করে চিকিৎসক ও নার্সদের বাড়ি বাড়ি পাঠানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। পাশাপাশি প্রত্যেক জেলায় অন্তত ১০টি করে ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।







