পুকুর পাড়ের গাছে ঝুলছিল শার্ট-স্যান্ডেল, পানিতে ভাসছিল আনসার সদস্যের লাশ

স্থানীয়দের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ
নাটোরের বাগাতিপাড়ায় একটি পুকুর থেকে এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের চক কোয়ালীপাড়া এলাকার একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা।
ওই আনসার সদস্যের নাম মো. শাহজাহান (৫৩)। তিনি ওই এলাকার মৃত নাদের আলীর ছেলে।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে খালেক প্রামাণিকের পুকুরপাড়ের একটি ঘরে স্থানীয় রফিকুল ইসলামের সঙ্গে মুড়ি খান শাহজাহান। পরে রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যান তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি বলে জানিয়েছে তার স্বজনেরা।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে চক কোয়ালীপাড়ার পুকুরের মালিকের ছেলে রফিকুল ইসলাম পুকুরপাড়ে গিয়ে একটি আমগাছের সঙ্গে শাহজাহানের শার্ট ও স্যান্ডেল ঝুলতে দেখেন। বিষয়টি তিনি শাহজাহানের পরিবারকে জানান। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন। এরপর পরিবারের সদস্যরা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ শেখ জানিয়েছেন, পুকুরের পানিতে গ্যাসের কারণে মাছ মারা গিয়েছিল বলে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে। মরা মাছ তুলতে পানিতে নেমে শাহজাহান আর উঠতে পারেননি বলে ধারণা করছেন তিনি। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




