নড়াইলে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামি গোপালগঞ্জে গ্রেপ্তার

গ্রেপ্তার এসকেন শেখ ও তার ভাই নয়ন শেখ। সংগৃহীত ছবি
নড়াইলের কালিয়াতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামি এসকেন শেখকে (৩৫) গ্রেপ্তার করেছে এসআরবি। অভিযানে তার ভাই নয়ন শেখকেও (২২) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল রবিবার মধ্যরাত ৩টার দিকে যশোর ক্যাম্পের মেজর ফজলে রাব্বি প্রিন্সের নেতৃত্বে গোপালগঞ্জের কাশিয়ানী থানা এলাকায় অভিযান চালান এসআরবি-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।
নড়াগাতী থানার ওসি মো. হোসেন আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় এসকেনসহ ২৩ জনকে আসামি করে মামলা করা হয়। গত রাতের অভিযানে মামলার প্রধান আসামি এসকেনসহ তার ভাই নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। এ মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
উপজেলার নড়াগাতী থানার পুটিমারী গ্রামের বাসিন্দা এসকেন একটি অস্ত্র ও ৯টি মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে নড়াগাতী থানার এসআই মুরাদ হোসেন ও মো. হাসান পুঠিমারী থেকে তাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হন। এসকেন, তার ভাই নয়ন ও বাবা বাবলু শেখসহ তাদের পক্ষের লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফসহ এসকেনকে ছিনিয়ে নিয়ে যান।
এ সময় এসআই মুরাদের হাত, পিঠ ও ঘাড়ে লাঠি দিয়ে আঘাত করেন তারা। আহত মুরাদকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরদিন সকালে পুটিমারী ঈদগাহের সামনে থেকে ভাঙা হাতকড়াটি উদ্ধার হলেও এসকেনসহ তার পরিবারের লোকজন পলাতক ছিলেন।




