আধিপত্য বিস্তার নিয়ে ফতুল্লায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

ছবি: আগামীর সময়
নারায়ণগঞ্জের ফতুল্লায় আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ বাহিনীর সঙ্গে সামেদ আলী বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বক্তাবলী ইউনিয়নের এই ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় সামেদ আলীর ছোটছেলে হৃদয় (২৬) গুলিবিদ্ধ হন। তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয় বলে জানান এ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অপু কুমার সাহা।
একই হাসপাতালে বক্তাবলীর আলাউদ্দিন শেখের ছেলে রাজু শেখ (৩০) নামে আরেক যুবকের পায়ে দুটো টেঁটাবিদ্ধ অবস্থায় আসেন। তাকেও ঢামেকে পাঠানো হয় বলে জানান চিকিৎসক। এ ছাড়া আকবরনগরের শামসুল (৩২) ও মধ্যনগরের সৌরভসহ (২৮) অন্তত দশজন এ ঘটনায় আহত হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ইউনিয়নের আকবরনগর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামিম হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বক্তাবলী ইউনিয়নের ধলেশ্বরী নদীর পশ্চিম তীরে অবস্থিত ইটভাটায় চলে নিরব চাঁদাবাজি ও কমিশন বাণিজ্য। বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এসব ইটভাটায় এক্ক নিয়ন্ত্রণ ছল ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলীর হাতে। গণঅভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদ ওই নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। সম্প্রতি সামেদ আলী এলাকায় ফিরে এসে এসব ইটভাটার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেন।
এর জের ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। সকালে বক্তাবলী খেয়া ঘাটে খিচুড়ি রান্না করে দলবল নিয়ে খাওয়া দাওয়া করে সামেদ আলীর এলাকা আকবর নগরে মহড়া দিতে যান হালিম আজাদ। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পক্ষ আরেকপক্ষের উপর হামলা করেন। এসময় সামেদ আলীর ছোট ছেলে হৃদয় গুলিবিদ্ধ হন।
গুলিবিদ্ধ হৃদয় জানান, আমি বাসা থেকে বের হয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলাম। এ সময় বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার উপর অতর্কিত হামলা চালায়। হালিম আজাদ তার থাকা পিস্তল দিয়ে গুলি করে আমাকে।
স্থানীয়দের দাবি, ইট ভাটায় চাঁদাবাজি, মাটি ও শ্রমিক সরবরাহকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি কমিশনভিত্তিক বাণিজ্য চলে আসছে। মাটি সরবরাহ থেকে রুশু করে শ্রমিক সরবরাহ পর্যন্ত বিভিন্ন খাতে কমিশন নেওয়ার বিষয়টি স্থানীয়ভাবে নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়েছে।
গত ২৮ সেপ্টেম্বর রাত ৮টায় বক্তাবলী বাজারে নারায়ণগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদুল ইসলামের ওপর হামলার অভিযোগ ওঠে হালিম আজাদের বিরুদ্ধে।




