স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে: ভূমিমন্ত্রী

রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। ছবি: আগামীর সময়
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী হওয়ার আগ্রহ থাকলেও দলীয় সমন্বয়ের মাধ্যমে প্রতিটি নির্বাচনী এলাকায় একজন প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, ‘সারা দেশে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নিশ্চিত করা হবে।’
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
ভুমিমন্ত্রী বললেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়ায় নির্বাচনে দলের একাধিক ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করতে চাইতে পারেন। এটি স্বাভাবিক। তবে দলীয়ভাবে সবার সঙ্গে সমন্বয় করে শেষ পর্যন্ত একজন প্রার্থী চূড়ান্ত করা হবে।
তিনি জানালেন, নির্বাচনে দলের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় গুরুত্বপূর্ণ। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতেই প্রার্থী নির্ধারণ করা হবে, যাতে একাধিক প্রার্থী থাকায় ভোট ভাগাভাগির সুযোগ তৈরি না হয়।
এর আগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতারা। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং পায়রা অবমুক্ত করে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মিজানুর রহমান মিনু।
রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের এমপি মাহমুদা হাবিবা, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ ও সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই মহানগর বিএনপির কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিকালে নগরীতে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির আয়োজন করা হয়েছে। র্যালিটি বাটার মোড় থেকে শুরু হয়ে মালোপাড়া মণিচত্বর, জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এতে মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশ নেওয়ার কথা রয়েছে।








