জগন্নাথপুর
বিয়ের দাওয়াত নিয়ে বিরোধ, প্রাণ গেল যুবকের

গ্রাফিকস: আগামীর সময়
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজিম উদ্দিন এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার নাজিম উদ্দিনের ছোট বোনের বিয়ে হয়। বিয়ের দাওয়াত দেওয়া নিয়ে তার চাচাতো ভাই মাসুম মিয়াদের সঙ্গে মনোমালিন্য দেখা দেয়। শনিবার সকালে বিয়ের পরবর্তী দাওয়াত (ওলিমা) দিতে নাজিম উদ্দিন চাচাতো ভাই মাসুম মিয়ার বাড়িতে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মাসুম ও তার ভাইয়েরা নাজিম উদ্দিনের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, নাজিম উদ্দিনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে গভীর আঘাতের চিহ্ন রয়েছে।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর হোসেন জানান, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।




