পূর্বধলায় রেলওয়ের জমি লিজ নিয়ে বিরোধ, মুখোমুখি দুই পক্ষ

ছবি: আগামীর সময়
নেত্রকোনার পূর্বধলায় রেলওয়ের প্রায় ৪৯ শতাংশ জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছে। তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর জমিটি লিজ নিয়েছেন বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এলাকার স্থানীয় বাসিন্দাদের একজন মোস্তফা কামাল। তিনি ও তার পরিবারের দাবি, প্রায় ৩৫ থেকে ৪০ বছর ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন। লিজ বাতিল করে জমিটি তাদের নামে বন্দোবস্ত দেওয়ার দাবিও তারা জানিয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পূর্বধলা উপজেলার জাওয়ানী গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মোস্তফা কামাল।
লিখিত বক্তব্যে তিনি বলেন, তাদের বাড়ির পাশে রেললাইনসংলগ্ন প্রায় ৪৯ শতাংশ জমিতে দীর্ঘদিন ধরে তারা ফসল আবাদ করে আসছেন। জমিটির পাশেই তাদের সাফ-কাওলা দলিলমূলে কেনা জমি রয়েছে। তার অভিযোগ, এসব তথ্য গোপন করে প্রতিবেশী জুনায়েদ কবীর রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জমিটি লিজ নিয়েছেন।
মোস্তফা কামাল বলেন, জমিটি লিজ নেওয়ার পর জুনায়েদ কবীর ও তার লোকজন তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছেন। এ ছাড়া লিজসংক্রান্ত কাগজপত্রের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আটটি মামলা করা হয়েছে। এসব মামলার কারণে পরিবারটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিকভাবেও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে রেলওয়ের ভূমি কার্যালয়ে আবেদন করার পর জমিটি তদন্ত করা হয়। তথ্য গোপন করে লিজ নেওয়ার অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিজ বাতিলের আশ্বাস দিয়েছিল বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে মোস্তফা কামাল জমিটির লিজের বৈধতা যাচাই করে পুনরায় তদন্তের দাবি জানান। একই সঙ্গে লিজ বাতিল করে দীর্ঘদিনের ভোগদখলের বিষয়টি বিবেচনায় নিয়ে জমিটি তাদের পরিবারের নামে বন্দোবস্ত দেওয়ার জন্য রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে জুনায়েদ কবীর বলেন, ‘লিজ নেওয়া জমির পাশে আমার জায়গা আছে। রেলওয়ে কর্তৃপক্ষ সবকিছু যাচাই-বাছাই করেই আমাকে জমিটি লিজ দিয়েছে। আমি কোনো অন্যায় করিনি।



