আগামীর সময়

রাজশাহীতে আ. লীগ কার্যালয়ে ‘মুজিব পাবলিক টয়লেট’ উদ্বোধন

রাজশাহীতে আ. লীগ কার্যালয়ে ‘মুজিব পাবলিক টয়লেট’ উদ্বোধন

সংগৃহীত ছবি

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের স্থানটিকে 'মুজিব পাবলিক টয়লেট' হিসেবে ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুসহ কয়েকজন নেতা বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে নগরের কুমারপাড়া এলাকার এই স্থানটিতে পাবলিক টয়লেটের নামে একটি ব্যানার টানিয়ে আসেন।

এতে লেখা আছে, 'মুজিব পাবলিক টয়লেট। সম্পূর্ণ বিনামূল্যে ১৭ বছরের ক্ষোভ ঝাড়ুন। সৌজন্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী।'

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট মহানগর আওয়ামী লীগের এই দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। পরে গত বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের ঘটনার পর উত্তেজিত ছাত্র-জনতা পরিত্যক্ত ভবনটির অবশিষ্ট অংশও ধ্বংস করে পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলে।

সেই ধ্বংসস্তূপের সামনে গত শুক্রবার রাতে কে বা কারা একটি উদ্বোধনী ব্যানার টানিয়ে যায়। পরদিন সকালে ব্যানারটি ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

এরপর সেখানে পাবলিক টয়লেটের ব্যানার টানানো হলো। ‘গত ১৭ বছরের জুলুম-নির্যাতনের পর ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ স্বৈরাচারী সরকারকে উৎখাত করেছে। রাজশাহীতেও আন্দোলনের সময় শহীদ আলী রায়হান ও শহীদ সাকিব আঞ্জুমসহ অনেকেই প্রাণ দিয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। এখনো একজন আহত কর্মীর মেরুদণ্ডে গুলি রয়ে গেছে’, ব্যানার টানানোর পর সাংবাদিকদের বলছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু।

এত নির্যাতনের পরও আওয়ামী লীগ ফের রাজশাহীতে তাদের অফিস চালু করার ঘোষণা দিয়েছে, যা নিয়ে তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। যে কার্যালয়টি একসময় সন্ত্রাসীদের আতুরঘর হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটিকে আমরা প্রতীকীভাবে 'মুজিব পাবলিক টয়লেট' হিসেবে উদ্বোধন করেছি, যোগ করেন তিনি।

সংগঠনটির নেতাদের ভাষ্য, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শিগগিরই একটি স্মারকলিপি দেওয়া হবে যাতে ওই স্থানে স্থায়ীভাবে একটি পাবলিক টয়লেট নির্মাণ করা হয়। এতে নগরবাসী উপকৃত হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

এসময় রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

    শেয়ার করুন: