পুলিশ কর্মকর্তার ওপর হামলা, পিস্তল ছিনতাই
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয়েছে তার সরকারি পিস্তল। শহরের নিতাইগঞ্জ এলাকায় সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
পুলিশ বলছে, শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির দিকে ভোরে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান। ইউনিফর্মেই ছিলেন তিনি। কয়েকজন দুর্বৃত্ত তাকে আটকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। কৌশলে তার সরকারি পিস্তলটি ছিনতাই করে পালিয়ে যায় দলটি।
জেলা গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন ইউনিটের একাধিক টিম ঘটনাস্থলে তদন্ত করছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা পুলিশ কর্মকর্তা তারেক।
হামলায় মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হলেও লুৎফর সুস্থ আছেন বলেও জানালেন এই কর্মকর্তা।

