মেহগনি গাছে ঝুলছিল শিশুর মরদেহ, চাচি আটক

প্রতীকী ছবি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আড়াই বছরের এক শিশুকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চাচিকে আটক করেছে পুলিশ। নিহত আফিয়া ওই গ্রামের শাহিন সরদারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে বাড়ির পাশের একটি মেহগনি বাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আফিয়াকে গাছে ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর শিশুটির বাবা অভিযোগ করেন আফিয়াকে হত্যা করেছে তার ছোট ভাইয়ের স্ত্রী কল্পনা আক্তার (২০)। পরে স্থানীয়দের জেরার মুখে আফিয়াকে হত্যার কথা স্বীকার করেন কল্পনা।
খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত কল্পনা আক্তারকে আটক করে।
এ বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌহিদুল হাসানের ভাষ্য, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছিল। অন্যদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানালেন, আড়াই বছরের শিশু হত্যার ঘটনায় কল্পনা আক্তার নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

