চৌগাছায় মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে দুইজনের মৃত্যু

সংগৃহীত ছবি
যশোরের চৌগাছায় ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে দুইজনের। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া-টালিখোলা মোড়ে ঘটে এ দুর্ঘটনা। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ১৭ বছরের এক কিশোরী। পেছনে ছিলেন অয়ন হোসেন (২২) নামে এক যুবক।
নিহত অয়নের বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে। তিনি নজরুল ইসলামের ছেলে। নিহত কিশোরীর বাড়ি চৌগাছা পৌরশহরে।
পুলিশ ও স্বজনদের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অয়ন ও ওই কিশোরী নম্বরবিহীন সাদাকালো রঙের ১৫০ সিসির একটি সুজুকি মোটরসাইকেলে চড়ে চৌগাছা থেকে যশোর সড়কের আড়ারদাহ ক্যাফেতে যাচ্ছিলেন। পথে কয়ারপাড়া-টালিখোলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অয়নকে মৃত ঘোষণা করেন। কিশোরীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ওসি মামুনুর রশীদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে, নিহত দুজন প্রেমিক-প্রেমিকা। মোটরসাইকেলটি চালাচ্ছিল ওই কিশোরী।’ তাদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।




