ফুলবাড়িয়ায় ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৪

সংগৃহীত ছবি
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নাওগাঁও ইউনিয়নের শিবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বরগুনার তালতলী উপজেলার আ. রশিদ ফকিরের ছেলে মোস্তফা ফকির (৪৮), রাজা বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (৪৯), ফুলবাড়িয়ার শিবপুর গ্রামের মৃত মেহের আলীর ছেলে গোলাম মোস্তফা এবং একই গ্রামের আইয়ুব আলীর ছেলে আবু সাঈদ (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, শিবপুর গ্রামের গোলাম মোস্তফার বাড়িতে একটি চক্র জাল টাকার লেনদেন করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার ৬১০টি জাল নোট উদ্ধার করা হয়। নোটগুলো ছয়টি বান্ডিলে রাখা ছিল।
পুলিশের ভাষ্য, গোলাম মোস্তফার গ্রামের বাড়ি মানিকগঞ্জে। তবে তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি শিবপুর গ্রামে বসবাস করছেন। তার বিরুদ্ধে জাল নোটের ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, ‘জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ লাখ ১০ হাজার টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। জাল টাকার বিস্তার রোধ ও এর সঙ্গে জড়িত অপরাধী চক্রকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’




