পূজার নিরাপত্তায় জামালপুরে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পূজার নিরাপত্তায় জামালপুরে বিজিবি মোতায়েন
দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে জামালপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আট প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
নাশকতা প্রতিরোধে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পূজামণ্ডপগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে বাহিনীটি।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুর শহরের দয়াময়ী মন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।
এ সময় তিনি মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকার পাশাপাশি শহরাঞ্চলের দায়িত্বপূর্ণ এলাকাতেও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পূজামণ্ডপগুলোতে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্গাপূজা উদযাপন শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই বিজিবি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে। এবারও সীমান্ত ও শহরাঞ্চলের দায়িত্বপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পরিদর্শনে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ভালো দেখা গেছে। মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাও বিজিবির তৎপরতায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।’
তিনি আশা প্রকাশ করেন, হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন।



