আগামীর সময়

ফরিদপুর

ফুটবল খেলা নিয়ে আজও দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ফুটবল খেলা নিয়ে আজও দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

ছবিঃ আগামীর সময়

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দ্বিতীয় দিনেও দুই  গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ফুটবল খেলা ও আধিপত্য বিস্তার নিয়ে। এতে এক পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

শনিবার সকালে (৪ এপ্রিল) উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ‘কিছুদিন আগে মুনসুরাবাদ এলাকার কয়েকজন যুবক ফুটবল খেলার মাইকিং করার সময় পাশ্ববর্তী খাঁপুরা গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। ওই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে খাঁপুরা গ্রামের দুই যুবককে মুনসুরাবাদ এলাকার কয়েকজন যুবক মারধর করেন। এর জেরে খাঁপুরা গ্রামের লোকজন পাল্টা হামলা চালিয়ে মুনসুরাবাদ বাজার কমিটির সভাপতি জিন্নাত মোল্লাকে মারধর করেন।’

‘পরবর্তীতে সন্ধ্যার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-ঢাল, সড়কি, রামদা এবং ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। অন্ধকারে টর্চলাইট জ্বালিয়ে তারা একে অপরের বিরুদ্ধে হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে,’ জানান তারা।

স্থানীয়দের ভাষ্য, ‘এই ঘটনাকে কেন্দ্র করে আজ সকাল থেকে আবার সংঘর্ষ শুরু হয়। এ সময়ে ৪টি গ্রামের অধিবাসীরা এই সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে পুলিশের এক সদস্যসহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।’

আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানালেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।’

    শেয়ার করুন: