নাহিদ ইসলাম
নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছিল বিএনপি

আজ শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা এনসিপির আয়োজিত সভায় কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: আগামীর সময়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন দলটি আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের কাজে ব্যবহার করছে।
গ্যাসের দাম বাড়িয়ে সিন্ডিকেটের মাধ্যমে বিএনপির নেতাদের পকেটে টাকা ঢোকানো হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে জেলা এনসিপি আয়োজিত এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সভায় সভাপতিত্ব করেন জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল আমিন। এতে দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা লক্ষ করছি, বিদেশে আওয়ামী লীগ, দেশে বিএনপি। এই দুই শক্তির কারণে বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাচ্ছে না। বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা নষ্ট হয়েছে। ক্ষমতায় বসে বিএনপি সরকার আবারও দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেট ফিরিয়ে এনেছে।’
তিনি আরও বললেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে সমঝোতার মাধ্যমে জয়লাভ করেছে বিএনপি। এখন আওয়ামী লীগের সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিজেদের কাজে ব্যবহার করছে দলটি। ফলে চাঁদাবাজ ও স্বৈরাচার একাকার হয়ে যাচ্ছে। যে গণঅভ্যুত্থানের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে, সেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে দলটি অনেক দূরে সরে গেছে।
দ্রব্যমূল্য ও গ্যাসের দাম প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেছেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না। ১ হাজার ২০০ টাকার এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৮০০ টাকা করা হয়েছে। এরপরও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে একটি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত উঠেছে। সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়ানো হচ্ছে এবং এসব সিন্ডিকেট বিএনপি নিয়ন্ত্রণ করছে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেছেন, আগামী নির্বাচনে দলীয়করণ, প্রভাব বিস্তার ও কারচুপি ঠেকাতে দেশপ্রেমিক জনগণকে দায়িত্ব নিতে হবে। শরীয়তপুর বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচন সম্পন্ন করা হয়েছে এবং কাউকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। তবে স্থানীয় সরকার নির্বাচনে এমন পরিস্থিতি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ব্যক্তি, দেশপ্রেমিক নাগরিক এবং এলাকার উন্নয়নে আগ্রহীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্বৈরাচার, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, যারা রাতের ভোট করেছে, তাদের পরিণতি মনে রাখা উচিত।
সভায় বক্তব্য দিতে গিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম নিউ ইয়র্কের একটি বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হেনস্তার চেষ্টা করেছেন বলে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন।
আওয়ামী লীগকে হুঁশিয়ারি দিয়ে সারজিস আলম বলেছেন, যে দল দেশের মানুষের ওপর ফ্যাসিবাদী শাসন চালিয়েছে এবং বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের সচেতন মানুষ তাদের আর এ দেশে রাজনীতি করার সুযোগ দেবে না।




