বরিশালে এসএসসিতে বেড়েছে পাসের হার

আজ সোমবার সকাল ১০টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস সালাম। ছবি: আগামীর সময়
এসএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন শিক্ষার্থী।
এই বোর্ডে গত বছরের তুলনায় এবার পাসের হার বেড়েছে, তবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ১১৪ জন।
আজ সোমবার সকাল ১০টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের সচিব অধ্যাপক মো. আবদুস সালাম।
বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ৮০ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৫৪৫ জন এবং ছাত্রী ৪২ হাজার ৯১৩ জন।
পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে মোট ৪৮ হাজার ৫৫৫ জন। তাদের মধ্যে ছাত্র ১৯ হাজার ৯৫৫ জন এবং ছাত্রী ২৮ হাজার ৬০০ জন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, প্রতিবছরের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের ছয় জেলার মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা।
গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৫৬ দশমিক ৩৮ শতাংশ। এবার পাসের হার বেড়েছে প্রায় ৩ দশমিক ৯৭ শতাংশ।





