যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে প্রবাসী বাংলাদেশি দুই ভাইয়ের মৃত্যু

নিহত দুই ভাই। সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বড় ভাইয়ের মৃত্যুর ১১ দিন পর মারা গেছে ছোট ভাই। কয়েক দিনের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে শোকের সাগরে ডুবে গেছেন এক প্রবাসী বাংলাদেশি দম্পতি।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সম্প্রতি চাকরিতে যোগ দিয়েছিলেন শাহ আদ্রী (২৬)। তার ছোট ভাই শাহ ওয়াদি (১০) ইলেমেন্টারি স্কুলের ছাত্র ছিলেন।
পরপর দুই ছেলেকে হারিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের বাবা শাহ আসাদ। দুই ছেলেকে হারিয়ে শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তাদের মা। মেজো ছেলে শাহ আয়ানকে কোলে নিয়ে বিলাপ করছেন তিনি। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ফুলবাড়ি গ্রামের এ পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে।
নিহতের মামাতো ভাই তাজুল বাহার জানান, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান বড় ভাই আদ্রী। গতকাল বুধবার জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে মারা যায় ওয়াদি।
দুই ভাইয়ের জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন শাহ আসাদের মামাতো ভাই কামরুল হাসান।




