সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা বাংলাদেশি: গণপূর্ত প্রতিমন্ত্রী

বাংলাদেশে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই, আমরা সবাই বাংলাদেশি। বিএনপি সরকার সবসময় দুর্গাপূজার আয়োজনের ওপর নজর রাখছে এবং সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেছেন, স্বাধীনতার পর এবারই দুর্গাপূজায় সবচেয়ে বেশি আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে তাদের পাশে ছিলেন, তারাও তাদের পাশে আছেন। দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনপির নেতাকর্মীরাও পাশে রয়েছেন।
অনুষ্ঠানে উপজেলার ২৫টি পূজামণ্ডপের প্রতিটিতে চার হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এবং পূজামণ্ডপের প্রতিনিধি পল্লব সিকদার, অ্যাডভোকেট সুধীর, জ্যোতির্ময় চক্রবর্তী রতন ও পলাশ কর্মকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক। পরে প্রতিমন্ত্রী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।




