মতবিনিময় সভায় প্রশাসক
দুর্গাপূজায় নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করতে প্রস্তুত রাসিক

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে রাজশাহীর ৮৫টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রতিটি মণ্ডপকে ২০ হাজার করে মোট ১৭ লাখ টাকা দেওয়া হয়েছে। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে ওয়াইফাই সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পূজার নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনিরাপত্তা ও বিসর্জন ঘাটের ব্যবস্থাপনাসহ সার্বিক প্রস্তুতি নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছে নগর কর্তৃপক্ষ। গতকাল রবিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে পূজামণ্ডপগুলোর প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেছেন, ‘আমাদের সবার লক্ষ্য শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থা প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।’
সভায় বক্তব্য দেন রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক হোসেন। সভা সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা, আরডিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন এবং এসআরবি-৫-এর সহকারী পুলিশ সুপার মো. আশরাফ উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন এবং প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক দল রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। পাশাপাশি ৮৫টি পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মণ্ডপ ও বিসর্জন ঘাটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং আশপাশের সড়ক মেরামত ও পরিচ্ছন্ন রাখার বিষয়েও আলোচনা করা হয়।



