আগামীর সময়

ঈদের প্রধান জামাত ঘিরে প্রস্তুত ষাটগম্বুজ মসজিদ

ঈদের প্রধান জামাত ঘিরে প্রস্তুত ষাটগম্বুজ মসজিদ

ছবিঃ আগামীর সময়

বিশ্ব ঐতিহ্যের অংশ ষাটগম্বুজ মসজিদে বাগেরহাট জেলার প্রধান ঈদুল ফিতরের জামাত উপলক্ষে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ঈদকে ঘিরে মসজিদ প্রাঙ্গণজুড়ে দৃষ্টিনন্দন আলোকসজ্জা করা হয়েছে, যা রাতের বেলায় এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করছে। প্রতিবারের মতো এবারও এখানে অনুষ্ঠিত হবে জেলার প্রধান ঈদের জামাত। মুসল্লিদের ব্যাপক উপস্থিতি বিবেচনায় তিনটি পৃথক জামাতের আয়োজন করা হয়েছে।

প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. খালিদ, যিনি খানজাহান (রহ.) মাজারসংলগ্ন মসজিদের খতিব। দ্বিতীয় জামাত শুরু হবে সকাল ৮টা ১৫ মিনিটে। এতে ইমামতি করবেন মো. নাসির উদ্দিন, ষাটগম্বুজ মসজিদের ইমাম ও খতিব। তৃতীয় ও শেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মো. এনামুল হক, বায়তুশ শরফ এতিমখানার সুপারিনটেনডেন্ট।

ঈদকে সামনে রেখে ইতোমধ্যেই মসজিদ প্রাঙ্গণ ও আশপাশে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বাগেরহাটের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাস্টোডিয়ান মো. যায়েদ বলেন, জেলার প্রধান ঈদের নামাজ যথারীতি ষাটগম্বুজ মসজিদে অনুষ্ঠিত হবে। তিনটি জামাতে মোট প্রায় ছয় হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। এর মধ্যে মসজিদের ভেতরে একসঙ্গে প্রায় দেড় হাজার এবং বাইরে অতিরিক্ত প্রায় পাঁচ শতাধিক মুসল্লির নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

    শেয়ার করুন: