সালথায় মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

সংঘর্ষের সময় তোলা ছবি
ফরিদপুরের সালথায় মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। এ সময় দুটি দোকান ভাঙচুর ও একটি খড়ের গাদায় আগুন দেওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রামকান্তপুর ও আটঘর ইউনিয়নের সীমান্তে অবস্থিত বিভাগদী ব্রিজের ওপর এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানালেন, মঙ্গলবার বিকালে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামের তিন মাদ্রাসাছাত্রীকে রামকান্তপুর এলাকার কয়েকজন যুবক উত্ত্যক্ত করেন বলে অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে বিভাগদী গ্রামের কয়েকজন যুবক অভিযুক্তদের ওপর হামলা চালান। পরে বিষয়টি নিয়ে দুই ইউনিয়নের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হন। এ সময় দুটি দোকান ভাঙচুর করা হয় এবং একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান বললেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



