বিমানমন্ত্রী
আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত দেশকে উন্নতির শিখরে নেবে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত
সরকারের ভাবমূর্তি রক্ষায় অপতথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু নিষিদ্ধ গোষ্ঠী সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ভূমিকা রাখতে হবে।
আজ শুক্রবার সকাল ১১টায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করার রাজনীতি করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে দিনরাত কাজ করছে। তবে বিশ্বের যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় জনসাধারণকে ধৈর্য ধারণ করতে হবে।
তিনি বলেন, আমাদের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত। এই ৪০ কোটি হাত যদি দেশের জন্য কাজ করে, তবে অচিরেই দেশ উন্নতির শিখরে পৌঁছবে।
আন্তর্জাতিক অঙ্গনে সরকারের সমর্থন রয়েছে উল্লেখ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতে বাংলাদেশের পোশাক খাতের ভূয়সী প্রশংসা করেছেন ট্রাম্প।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজনীতিবিদ ও সরকারি কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। কিশোর-কিশোরীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে এবং মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পূজামণ্ডপে সরকারি অনুদান ও অগ্নিনির্বাপক যন্ত্র বিতরণ, বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক প্রদান এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা দেওয়া হয়।
এ ছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধন করেন মন্ত্রী। পরে তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।




