আগামীর সময়

এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক

এজলাসে ভাঙচুর, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি আটক

আটক করা হয়েছে বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে। বুধবার দুপুর সাড়ে ১২টার সময় তাকে আদালত থেকে গ্রেপ্তার করা হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলছেন, ‘জেলা আইনজীবী সমিতির সভাপতির বিরুদ্ধে আদালতের এজলাসে ভাঙচুরের অভিযোগ করা হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।’

এদিকে আদালত কক্ষে ভাঙচুরের প্রতিবাদে বিচারকরা বিচার কাজ বন্ধ রেখেছেন। পুরো আদালত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অপরদিকে জেলা আইনজীবী সমিতির সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।

‘সকালে আদালতের কার্যক্রম শুরুর পরপরই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আদালতে প্রবেশ করে। এসময় বিচারক আদালত বর্জন করেন। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী আইনজীবী সমিতির কার্যালয় অভিযান চালিয়ে সভাপতি সাদিকুর রহমান লিংকনকে আটক করে। আমরা এর প্রতিবাদে মিছিল করেছি এবং আদালত বর্জন করেছি’ বলছেন বরিশাল জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।

কার্যক্রম নিষিদ্ধ বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দেয়ার প্রতিবাদে বরিশালের আইনজীবীরা মঙ্গলবার মহানগর আদালত বর্জন করেছেন। তারা সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ ও তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি জানিয়েছেন।

তালুকদার ইউনুস গত সোমবার (২৩ ফেব্রুয়ারি) বরিশাল অতিরিক্ত মহানগর ম্যজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। জানা গেছে, তার জামিনের পর পরই বিএনপিপন্থী আইনজীবীরা ক্ষুদ্ধ হন। বরিশাল জেলা আইনজীবী সমিতির আহ্বানে মঙ্গলবার তারা মহানগর সংশ্লিষ্ট সকল আদালত বর্জন করেন।

    শেয়ার করুন: