আগামীর সময়

খুলনায় বাড়িতে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনায় বাড়িতে ঢুকে একই পরিবারের ৪ জনকে গুলি

প্রতীকী ছবি

খুলনায় বাড়ি প্রবেশ করে একই পরিবারের চারজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে লবনচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকায় ঘটনাটি ঘটে।

আহতরা হলেন, লবনচরা থানার খাদিজাবাগ কৃষ্ণনগর ঠিকরাবাদ এলাকার কাজী আনিসুর রহমান, তার স্ত্রী রঞ্জুয়ারা বেগম, ছেলে রাইসুল ইসলাম ও তার ছোট ছেলে রাশিদুলের স্ত্রী ফাহিমা।

আহতদের মধ্যে রঞ্জুয়ারা বেগম ও ছেলের স্ত্রী ফাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কাজী আনিসুরের ছোট ছেলে রাশিদুল মাদকের একটি মামলায় গত ৩ বছর আগে কারাগারে যায়। সেখানে সন্ত্রাসী ইমরানের সঙ্গে পরিচয় ও বন্ধুত্ব হয়। এ বন্ধুত্বের সূত্রে কারাগার থেকে বের হয়ে ইমরানের বাড়িতে আসা-যাওয়া করত রাশিদুল। এ সুযোগে ইমরানের স্ত্রী ফাহিমার সঙ্গে রাশিদুলের বিয়ে বহির্ভুত সম্পর্ক গড়ে ওঠে।

ছয় মাস আগে পুনরায় একটি মামলায় ইমরান কারাগারে গেলে রাশিদুল তার স্ত্রী ফাহিমাকে বিয়ে করে। এ ঘটনা ইমরান প্রতিশোধ নিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে এ হামলা চালায়। হামলার পর স্থানীয়রা আহতের উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেছেন, হামলায় মোট ৬ জন অংশ নিয়েছে। বিয়ে বহির্ভুত সম্পর্কের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। রঞ্জুয়ারা বেগমের বুকে এবং ফাহিমার পায়ের গুলি বের করতে না পারায় তাদের দু’জনকে ঢাকায় পাঠানো। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    শেয়ার করুন: