সালথা
বরাদ্দের ২০০ বস্তা সার উধাও, ডিলারকে জরিমানা

ছবি: আগামীর সময়
ফরিদপুরের সালথায় কৃষকদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ করা ২০০ বস্তা ইউরিয়া সার গুদামে মজুত না রেখে অন্যত্র বিক্রির দায়ে এক সার ডিলারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জরিমানাপ্রাপ্ত ডিলার হলেন মেসার্স খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোমরেজ খান।
উপজেলা প্রশাসন ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, নিয়মিত তদারকির অংশ হিসেবে সার সরবরাহের আগমনী বার্তা (অ্যারাইভাল রিপোর্ট) পাওয়ার পর সংশ্লিষ্ট ডিলারের গুদাম পরিদর্শন করেন উপজেলা কৃষি কর্মকর্তা। এ সময় অক্টোবর মাসে ডিলারের অনুকূলে বরাদ্দ করা ৪০০ বস্তা ইউরিয়া সারের বিপরীতে গুদামে ২০০ বস্তা পাওয়া যায়। বাকি ২০০ বস্তা সার গুদামে না থাকায় বিষয়টি যাচাই করা হয়। যাচাইয়ে বরাদ্দের ওই সার অন্যত্র বিক্রির তথ্য উঠে আসে।
পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ডিলার মোমরেজ খান বরাদ্দের ২০০ বস্তা ইউরিয়া সার অন্যত্র বিক্রির বিষয়টি স্বীকার করেন। পরে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসানুল হাবীব আল আজাদ জনি।
উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের জন্য বরাদ্দ করা সার নির্ধারিত নিয়মে সংরক্ষণ ও বিতরণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। নির্ধারিত নিয়মের বাইরে সার বিক্রি কিংবা সার সরবরাহে অনিয়মের মাধ্যমে কৃষকদের ভোগান্তিতে ফেলার সুযোগ নেই। সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কৃষকদের কাছে বরাদ্দের সার পৌঁছে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিজভী আহমেদ সবুজ বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার যথাযথভাবে গুদামে মজুত রাখা এবং তাদের কাছে সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে। বরাদ্দের সার অন্যত্র বিক্রি করে অনিয়ম করলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।




