বড় ভাইয়ের ট্রলির নিচে পিষ্ট ছোট ভাই
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

ফাইল ছবি
গাজীপুরের কাপাসিয়ায় বড় ভাইয়ের ট্রলির নিচে চাপা পড়ে আব্দুল্লাহ (১ বছর ১০ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে উপজেলার চরসমানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানালেন, শনিবার সারাদিন ট্রলি চালিয়ে ৮টার দিকে বাড়িতে ফেরেন শিশুটির বড় ভাই। ট্রলি নিয়ে বাড়ির উঠোনে প্রবেশ করার সময় বড় ভাইয়ের কাছে ছুটে যায় আব্দুল্লাহ। এ সময় ট্রলির চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহতের প্রতিবেশী শামিম ফকির বলেছেন, শিশুটি মনের আনন্দে দৌড়ে ট্রলির কাছে যায়। কিন্তু মুহূর্তের মধ্যে ঘটে যায় দুর্ঘটনা। কেউ কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়।
কাপাসিয়া থানার এএসআই বজলুর রহমানের ভাষ্য, পুলিশ এ ঘটনাটির খোঁজখবর নিয়েছে। এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।





