নেত্রকোনায় লিফটে আটকে পড়া ৭ প্রশিক্ষণার্থীকে উদ্ধার

নেত্রকোনায় সমাজসেবা অধিদপ্তরের লিফটে আটকে পড়া ৭ প্রশিক্ষণার্থীকে উদ্ধার করছে ফায়ার সার্ভিস— সংগৃহীত
নেত্রকোনায় সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের একটি লিফটে আটকে পড়া ৭ প্রশিক্ষণার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বিদ্যুৎ চলে যাওয়ায় লিফটটি ভবনের চতুর্থ তলায় আটকে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে তাদের নিরাপদে উদ্ধার করেন। এ ঘটনায় কেউ আহত হননি।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া প্রশিক্ষণার্থীরা হলেন, মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা জেলা সমাজসেবা কার্যালয়ের একটি প্রশিক্ষণে অংশ নিতে ভবনটিতে এসেছিলেন।
খানে আলম খান বলেছেন, ‘লিফটটি যান্ত্রিক ত্রুটি ও লোডশেডিংয়ের কারণে চতুর্থ তলায় আটকে যায়। তবে সময়মতো উদ্ধার অভিযান পরিচালনা করায় কেউ আহত হননি।’
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদ বলেছেন, ‘প্রশিক্ষণ শেষে কয়েকজন প্রশিক্ষণার্থী লিফটে করে নিচে নামছিলেন। এ সময় বিদ্যুৎ চলে গেলে লিফটটি মাঝপথে আটকে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়।’





