পুকুরে ডুবে প্রাণ গেল গান গেয়ে ভাইরাল ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের

চাচার সঙ্গে দ্বীপ শীল। সংগৃহীত ছবি
হবিগঞ্জের বাহুবলে পুকুরে ডুবে দ্বীপ শীল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত দ্বীপ সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটর। সে একই গ্রামের বিজয় শীলের ছেলে। তিনি স্থানীয় বাজারে চুল কেটে সংসার চালান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল থেকে দ্বীপকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বেলা আড়াইটার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই সৎকারের অনুমতি দেওয়া হয় বলে জানা গেছে।
দ্বীপের চাচা বিপ্লব শীল নিউ ভিশন কেজি অ্যান্ড হাইস্কুলের সহকারী শিক্ষক। পাশাপাশি তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর। কয়েক মাস ধরে কাকার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিত দ্বীপ। বিপ্লবের ফেসবুক আইডি থেকে শিশুটির গাওয়া গান প্রকাশ করা হতো। গানের কথায় ছিল শিশুসুলভ এলোমেলো বাক্য। এসব কনটেন্ট অল্প সময়ের মধ্যে জনপ্রিয়তা পায়। আইডিটিতে প্রায় দুই লাখ অনুসারী রয়েছে।
স্থানীয় সাংবাদিক মজিদ শেখ জানান, দ্বীপকে নিয়ে কনটেন্ট তৈরি করতেন তার চাচা বিপ্লব। অন্য কনটেন্ট নির্মাতারাও তাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নিচ্ছেন।
বাহুবল মডেল থানার ওসি রুহুল আমীন তালুকদার জানিয়েছেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশ অপমৃত্যুর মামলা করেছে। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।




