মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে স্কুলছাত্র নিহত

নয়ন
কুষ্টিয়ার কুমারখালীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে নয়ন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
আজ রবিবার দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী এলআরবি ইটভাটার সামনে এ ঘটনা ঘটে। নিহত নয়ন কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা এলাকার রবিউল ইসলামের ছেলে। সে একই উপজেলার পাইকপাড়া মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা যায়, বাড়ি থেকে ঘুরতে বেরিয়ে দুপুর ১টার দিকে উপজেলার এলআরবি ইটভাটার সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেল চালক স্কুলছাত্র নয়ন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন।
‘সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছি। এখনো বিস্তারিত জানি না। বিস্তারিত জেনে পরে জানাতে পারব’, বলছিলেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন।

